পিরোজপুর প্রতিনিধিঃ
একটি সফল রাষ্ট্র বিনির্মাণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর সুমন। তিনি বলেন, আমরা যদি ভিন্নমত ও বিভেদ ভুলে একটি টিম হিসেবে কাজ করি,তাহলে উন্নয়ন,সুশাসন ও ন্যায়ভিত্তিক সফল সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আমাদের মনে রাখতে হবে একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থার ওপর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব পিরোজপুরে দুদিনের সরকারি সফরের প্রথম দিন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সার্কিট হাউজে দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট জনদের সাথে মত বিনিময় সভায় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন সহ পিরোজপুর জেলা, কাউখালী ভান্ডারিয়া, নেছারাবাদ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।পরে তিনি ভান্ডারিয়া মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন। প্রতিমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ০১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন। সফরের দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারি) তিনি বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান,স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে নিজ জেলায় তার আগমন ঘিরে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।