নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।রোববার বেলা ২টায় ভেড়ামারা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জানাজা শেষে ফারাকপুর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামীমুল ইসলাম ছানা। পরদিন মরদেহ ভেড়ামারায় পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া, সৃষ্টি হয় শোকাতুর পরিবেশ। জানাজা পূর্ব সমাবেশে বক্তারা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করেন।তাঁদের মতে, তিনি শুধু জনপ্রতিনিধি নন, ছিলেন সদালাপী, ধর্মপ্রাণ ও পরহেজগার একজন মানুষ।জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীরাও তাঁর পরোপকারিতা ও মানবিক গুণাবলির প্রশংসা করেন। জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জাসদ নেতা ও মরহুমের রাজনৈতিক গুরু আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী, জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ড. অধ্যাপক মো. নুরুল আমিন জসিম এবং মরহুমের বড় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম রানা। বক্তারা বলেন, শামীমুল ইসলাম ছানার মৃত্যুতে ভেড়ামারার রাজনীতি ও জনসেবায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করা হয়েছে। ভেড়ামারার উন্নয়ন ও মানুষের সেবায় দু’বার নির্বাচিত এই মেয়রের অবদান এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।