পিরোজপুর প্রতিনিধিঃ
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এমপি বলেন, ভালো মানুষ ও সুনাগরিক হতে হলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোন বিকল্প নেই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য প্রয়োজন নিয়মিত খেলাধুলা ও সাহিত্য চর্চা। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, চাপ কমায় এবং পড়াশোনার প্রতি মনোযোগ ও আগ্রহ বৃদ্ধিতে সাহায্য করে। সুস্থ দেহ ও মন ছাত্র-ছাত্রীদের পড়াশোনার কার্যকারিতা বাড়ায়, যা সার্বিক জীবনে সাফল্য অর্জনে সহায়ক।বুধবার (১৫ এপ্রিল) সকালে পিরোজপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এ সময় তিনি আরো বলেন বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের দেশের শিক্ষার্থীরা এইচএসসি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারির প্রচলন চালু করা হয়েছে। এ কারণে শিক্ষার গুণগত মান শেষ হয়ে গেছে। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনার চেষ্টা করছে।পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।পরে অতিথিবৃন্দ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলাচলের জন্য একটি বাস উদ্বোধন করেন।