নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদে ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে রুমানা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রুমানা ইয়াসমিন উপজেলার মেষন্ডা গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মেসন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কাল-বৈশাখী ঝড় চলাকালীন সময় রুমানা ইয়াসমিন নিজ বাড়ির পাকঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দে পাশের একটি বড় চাম্বল গাছ উপড়ে গিয়ে ঘরের ওপর পড়ে। পরিস্থিতি বুঝে স্বামী-স্ত্রী দ্রুত ঘরের ভেতরে আশ্রয় নিতে গেলে দুর্ভাগ্যবশত গাছটি রুমানা ইয়াসমিনের ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। রোগীর বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ছিল। হঠাৎ ঝড়ে এমন দুর্ঘটনায় একজন প্রাণ হারানো অত্যন্ত হৃদয়বিদারক।