নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:
“চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলার দীর্ঘা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদকের বিরুদ্ধে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ জুন) সকাল ৯ টায় উপজেলার নাওটানা বিএম (বাবর মেমোরিয়াল) মাধ্যমিক বিদ্যালয়ের সামনের নাজিরপুর-বৈঠাকাটা মহাসড়কে এ মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও পথসভায় নাওটানা বিএম (বাবর মেমোরিয়াল) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।এসময় বক্তব্য রাখেন মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আদিল হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক মো. মনির হোসেন, নাজিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আল-আমিন খান, নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ৪নং দীর্ঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রেজাউল কবির (বিপ্লব), ৪নং দীর্ঘা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজমল হোসেন দিপু, দীর্ঘা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল কবির, ৪নং দীর্ঘা ইউনিয়ন জামায়াতের আমীর মো. মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির বাহাদুর মুন্না, মো. মামুন বাহাদুর এবং মো. ইকবাল হোসেন।মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে দীর্ঘা ইউনিয়নকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এলাকায় কোনো ধরনের মাদক কারবারি বা মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভায় বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, বরং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। তারা ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।