কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী পিরোজপুরে কাউখালী উপজেলার শিক্ষক দম্পতির কন্যা দেবলীনা সাহা ঐশী জাপান সরকারের মর্যাদাপূর্ণ এমইএক্সটি (মোনবুকাগাকুশো) বৃত্তি অর্জন করেছেন। এ বৃত্তির আওতায় তিনি জাপানের শিমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ পেয়েছেন।দেবলীনা সাহা ঐশী পিরোজপুরের কাউখালী উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভারতী রানী সাহা ও জেলার জিয়ানগর উপজেলার ইন্দুরকানি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহার কন্যা।গত ২৩ জুন জাপানের শিমানে বিশ্ববিদ্যালয় থেকে এ বৃত্তি অর্জনের সংবাদটি দেবলীনা সাহা ঐশীকে জানানো হয়। বৃত্তির আওতায় সে জাপানের শিমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ পাবে। জানা গেছে, বিশ্বব্যাপী অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির মাধ্যমে দেবলীনা জাপানের শিমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করবেন। সেখানে তার গবেষণার বিষয় হবে ‘প্ল্যাঙ্কটোনিক ফরামিনিফেরার উচ্চ-রেজল্যুশন পরিমাণগত জীবস্তরবিন্যাস।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এমইএক্সটি বৃত্তি অর্জন দেবলীনার অসাধারণ মেধা, গবেষণার প্রতি একাগ্রতা এবং বিভাগের মানসম্মত বৈজ্ঞানিক প্রশিক্ষণের স্বীকৃতি। তার এ সাফল্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের পাশাপাশি ভবিষ্যৎ গবেষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ উপলক্ষে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা দেবলীনা সাহা ঐশীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তার শিক্ষা গবেষণাজীবনের সার্বিক সাফল্য কামনা করেছেন তারা। তার এ আন্তর্জাতিক অর্জনে পরিবার, স্বজন, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় অঙ্গনে আনন্দের সঞ্চার হয়েছে।