কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ভাত কম রান্না করা নিয়ে কথা কাটাকাটির জেরে ছেলের লাঠির আঘাতে কানন বালা (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে সুজন বালাকে (৩০) গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে সুজন বাড়িতে ফিরে পাতিলে ভাত কম দেখে মায়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে সুজন কাঠের লাঠি দিয়ে মায়ের মাথা ও কানে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। সোমবার ভোরে প্রথমে তাঁকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়। কাউখালী থানার ওসি (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বুলু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।