পিরোজপুর প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে পিরোজপুরে ২২ দিনের বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে কালিগঙ্গা ও কচা নদীতে যৌথ মহড়া দিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, পিরোজপুরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় হুলারহাট লঞ্চ টার্মিনাল থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে কালিগঙ্গা ও কচা নদীতে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী ও পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান এর নেতৃত্বে অভিযানের প্রথম দিনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহামুদুর রহমান মামুন ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার উপস্থিত ছিলেন। এ সময় নৌবাহিনী ও পুলিশের সদস্যদের সমন্বয়ে গঠিত টিম অভিযানে অংশ নেয়। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ,পরিবহন, মজুদ, সংরক্ষণ ও বেচাকেনা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে এ সময়ে জেলার বিভিন্ন নদ-নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মা ইলিশ রক্ষা, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।