
পিরোজপুর প্রতিনিধি:
দেশের দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান প্রণয়ন ও উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রস্তুতের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাজীপাড়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ অস্থায়ী কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মুহাম্মদ মাহবুবুস সোবহান। পরামর্শক যৌথ উদ্যোগের পক্ষে প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম (সার্ম অ্যাসোসিয়েটস), স্থপতি শাকুর মজিদ (ট্রায়াঙ্গেল কনসালট্যান্টস),স্থপতি প্যাট্রিক ডি.রোজারিও (সিন্থেসিস আর্কিটেক্টস)এবং সিইজিআইএস-এর প্রতিনিধি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরকালে পিবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. আরাফাত হোসেন, সার্ম অ্যাসোসিয়েটস-এর নির্বাহী পরিচালক প্রকৌশলী আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।চুক্তি অনুযায়ী, আগামী চার মাসের মধ্যে প্রায় ৭৫ একর জমির ওপর নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব মাস্টারপ্ল্যান, সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন ও ডিপিপি প্রস্তুত করা হবে।