
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
সরকারি পাঠ্যবই অবৈধভাবে বিক্রির অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ার সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বুধবার (১ জুলাই) রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক কবির হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উল্লেখ, ২৬ জুন শুক্রবার দুপুর ১টার দিকে পৌর শহরের উত্তর মিঠাখালী এলাকার আরাফাত মঞ্জিল-এর সামনে থেকে বইভর্তি এই ট্রাকটি উপজেলা প্রশাসন জব্দ করেন। বইগুলো উত্তর মিঠাখালী এলাকার মেসার্স হান্নান এন্টারপ্রাইজ এর তত্ত্বাবধানে বগুড়া ট্রান্সপোর্টের একটি ট্রাকে ঢাকায় ওঠানো হচ্ছিল। এসময় এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানান। সংবাদ পেয়ে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ঘটনাস্থলে গিয়ে সরকারি বইসহ ট্রাকটি জব্দ করেন। বইগুলো মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেন স্কুলের ২০২৫ শিক্ষাবর্ষের জন্য বরাদ্দকৃত ৫৮৭ কেজি সরকারি বই ও খাতা স্হানীয় এক ভাঙ্গারি ব্যবসায়ির কাছে বিক্রি করেন।