
পিরোজপুর প্রতিনিধিঃ
অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদানভুক্তকরণের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন এবং দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ জুন) সকাল ১১টায় পিরোজপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি (চলমান আন্দোলন বাস্তবায়ন কমিটি), পিরোজপুর জেলা শাখা। সভায় উপস্থিত ছিলেন অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চলমান আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতা মাওলানা মুহাম্মদ বশির উল্লাহ আতাহারী, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিম, পিরোজপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির পিরোজপুর সদর উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির পিরোজপুর জেলা আহ্বায়ক ও সাবেক জেলা সভাপতি এবং বরিশাল বিভাগীয় আহবায়ক মো. তাজুল ইসলাম। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে অনুদানভুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় শিক্ষক সমাজের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।তারা বলেন, দেশের প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা সীমাহীন ত্যাগ ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করলেও এখনো তারা বেতন-ভাতা, থেকে বঞ্চিত রয়েছেন।সভায় আরও বলা হয়, বছরের পর বছর বিনাবেতনে কিংবা নামমাত্র সুযোগ-সুবিধায় শিক্ষকতা করে আসা এসব শিক্ষকের অবদান দেশের শিক্ষা ব্যবস্থায় অনস্বীকার্য। তাই শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে সকল স্বীকৃতিপ্রাপ্ত ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় আনা সময়ের দাবি।শিক্ষক নেতৃবৃন্দ সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হলে হাজারো শিক্ষক ও তাদের পরিবারের জীবনে স্বস্তি ফিরে আসবে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সভায় উপস্থিত শিক্ষকরা তাদের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও কষ্টের চিত্র তুলে ধরে বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, আদর্শিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার মহান দায়িত্ব পালন করলেও তাদের আর্থিক নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। তবুও শিক্ষার প্রতি দায়বদ্ধতা থেকে তারা নিরলসভাবে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।মতবিনিময় সভা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ২৩ নভেম্বর ২০২৫ সালের সভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন এবং সকল স্বীকৃতিপ্রাপ্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।সভা শেষে ভবিষ্যৎ আন্দোলন-কর্মসূচি সফল করতে শিক্ষক সমাজের মধ্যে ঐক্য, সংহতি ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।