
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বুধবার (২৪ জুন) বিকেল ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধলহার গ্রাম থেকে রাবেয়া আক্তার সাথী (২৯) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬৭০ টাকা জব্দ করা হয়। সাথী উপজেলার কামারকাঠী গ্রামের আ. জলিল শেখের মেয়ে।অপরদিকে, স্বরূপকাঠী পৌর এলাকা থেকে শিল্পী বেগম ওরফে ফাতেমা (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শিল্পী উত্তর স্বরূপকাঠী পৌর এলাকার আফজাল হোসেন ওরফে ফারুকের মেয়ে।এছাড়া উপজেলার বলদিয়া ইউনিয়নের জিলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. কাওসার (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।তিনি আবুল কালাম আজাদের ছেলে এবংচিনাবুনিয়া, দৈহারী এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে।নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “স্থানীয় জনগণের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। যার কাছ থেকে যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, সে অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমার থানা এলাকায় কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না।তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।