
ওমর ফারুক ঝালকাঠি প্রতিনিধিঃ
বিএনপি সরকার বিগত সরকারগুলোর মত ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ডক্টর এসএম জিয়া উদ্দীন হায়দার। তিনি আরো বলেন – তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এর দেয়া প্রতিশ্রুতি গুলো বাস্তবায়নে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষ রোপণ, খাল – নদী খনন, স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থানের বিষয়ে কাজ শুরু করেছেন।শুক্রবার (২৬ জুন) সকাল ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাবে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. জিয়া উদ্দীন হায়দার বলেন -প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে উন্নয়নের যে পরিকল্পনা করেছেন, তা দ্রুত সময়ের মধ্যেই দৃশ্যমান হবে। তৃনমুল পর্যায়ের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। যাতে মানুষ নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা পায়।সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, বর্তমান সরকার বিগত সরকার গুলোর মত ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের নিয়ন্ত্রণ কিংবা নির্যাতন করবেনা।ঝালকাঠির সাংবাদিকদের আবাসন সংকট নিরসনের জন্য খাসজমিতে সাংবাদিক পল্লী গড়ে তোলার চেষ্টা করা হবে।ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আক্কাস সিকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোঃ মমিন উদ্দিন, সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির, জেলাপরিষদ প্রশাসক এডভোকেট শাহাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, বর্ষিয়ান সাংবাদিক রাশেদুল ইসলাম, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিচুর রহমান তাপু ও ঝালকাঠি চেম্বার অব কমার্স এর পরিচালক বাবু জয়ন্ত কুমার সাহা। এছাড়াও বক্তব্য রাখেন ঝালকাঠি,রাজাপুর, কাঠালিয়ার প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। ঝালকাঠির কৃতি সন্তান ড. এসএম জিয়া উদ্দীন হায়দার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) হিসেবে নিয়োগ পাওয়ায় ঝালকাঠি প্রেসক্লাব এর পক্ষথেকে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।