1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২০ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

গজারিয়ায় সালিশে সংঘর্ষে আহত দুই

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা জমি সংক্রান্ত বিরোধ সমাধানের উদ্দেশ্যে আয়োজিত সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিক নগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন বালুয়াকান্দি আতিক নগর গ্রামের মৃত আব্দুল বাসেদের ছেলে হযরত আলী (৪০) এবং মৃত আব্দুল হান্নানের ছেলে মোতালেব (৬৫)।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আতিক নগর গ্রামের শাহজাহান গং এবং আরশাদ আলী গংয়ের মধ্যে সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মঙ্গলবার সকালে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে আলোচনা চলাকালীন হঠাৎ কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।ঘটনার বিষয়ে এক পক্ষের আরশাদ আলী অভিযোগ করে বলেন, ‘আমরা যখনই বাড়ি-ঘর নির্মাণ করতে যাই, তখনই প্রতিপক্ষ বাধা দেয়। অথচ তাদের সাথে ২৫ বছর পূর্বেই আমাদের সীমানা নির্ধারণ করা হয়েছিল। আজ তাদের বাড়িতেই সালিশ চলছিল। বিচারকরা আমাদের ওই বাড়িতে নিয়ে যান। আমরা বিচারকদের সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম; কিন্তু তারা হঠাৎ আমার ভাতিজা হযরত আলীকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং গুরুতর জখম করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। অপর পক্ষের আহত মোতালেব মিয়ার মেয়ে মাহমুদা পাল্টা অভিযোগ করে বলেন, ‘আরশাদ আলী পক্ষের লোকজনই প্রথম আমার বাবার ওপর হামলা চালায়। তারা পরিকল্পিতভাবে মারামারি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে এখানে এসেছিল। তাদের অনেকের হাতেই দেশীয় অস্ত্র ছিল।সালিশে উপস্থিত উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন বলেন, খুব সুন্দরভাবেই বিচারকাজ চলছিল। কিন্তু হঠাৎ করেই সামান্য বিষয় নিয়ে কথাকাটাকাটির জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যায়।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবেদ আহমেদ জানান, দুপুর ১২টার দিকে আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে হযরত আলীর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো ছুরি জাতীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓