
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদের আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রব সৃষ্টির অপরাধে মেহেদি হাসান নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার সঙ্গে থাকা দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে সাধারণ মানুষ ও পর্যটকদের স্বাভাবিক চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে গণউপদ্রব সৃষ্টির অপরাধে মেহেদি হাসানকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়।নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, পর্যটন এলাকায় আগত সকলের আনন্দ ও বিনোদনের অধিকার রয়েছে। তবে কারও বিনোদন যেন অন্যের বিরক্তি বা গণউপদ্রবের কারণ না হয়, সে বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে। আটঘর কুরিয়ানা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে শান্তি-শৃঙ্খলা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।পরে উপস্থিত সকলকে একত্রিত করে পর্যটন এলাকার শান্তি-শৃঙ্খলা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানানো হয়।